জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মাদকের বিস্তার রোধ, অনলাইন জুয়া প্রতিরোধ, মানব পাচার বন্ধ, আত্মহত্যার প্রবণতা কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং প্লাস্টিকের ব্যবহার হ্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুরক্ষা, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি এবং মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধপ্রবণতা কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান,৫৮ বিজিবির এডি শাকিব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরফিন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার,শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল,সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন,জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন,অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।