জীবননগরে জেলা পরিষদের দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ

সিদ্ধান্ত প্রত্যাহার করে দোকান ফিরিয়ে দেওয়ার দাবি
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে জেলা পরিষদের মালিকানাধীন দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দোকান ফিরে পাওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় জীবননগর স্টেডিয়াম মাঠে জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা করে আসা শাফায়েত হোসেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে দোকান বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা একজন ব্যবসায়ীর দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্ত তাঁর জীবন-জীবিকা ও ব্যবসায়িক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিষয়টি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তাঁরা।
জেলা পরিষদের নোটিশ সূত্রে জানা যায়, জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন ৩৭৫ বর্গফুটের একটি জায়গা শাফায়েত হোসেনকে অস্থায়ী ভিত্তিতে ইজারা দেওয়া হয়েছিল। তবে ইজারা নেওয়া জায়গা অন্যের কাছে ভাড়া বা সাব-লিজ দেওয়ার মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট জেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটির সভায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ১০ দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দিয়ে সেখানে থাকা দোকান, স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইজারা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেন বলেন, “আমি প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছি। এখন হঠাৎ জানতে পারছি, আমার দোকানের ইজারা বাতিল করা হয়েছে। আমি চাই, জেলা পরিষদ যেন ইজারা বাতিলের আদেশ প্রত্যাহার করে আমার দোকানটি আমাকে ফিরিয়ে দেয়।”
জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী বলেন, “অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে এখান থেকে সরানো যাবে না। অন্যায়ভাবে জেলা পরিষদ কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা সবাই মিলে জোরালো প্রতিবাদ করব। প্রয়োজন হলে রাস্তায় নামব।”
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম, সংশ্লিষ্ট ব্যবসায়ীর জীবিকা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টির গ্রহণযোগ্য সমাধান করা প্রয়োজন। ইজারা বাতিলের পেছনে থাকা অভিযোগ ও পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহজাহান কবির, আশরাফুল হক ও মুন্সি নাসির উদ্দিন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহসভাপতি মশিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালিদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন শফি এবং সদস্য মাজেদুর রহমান মিল্টন ও আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশ থেকে শাফায়েত হোসেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পুনরায় দোকান বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করে তাঁদের উদ্বেগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *