দর্শনায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের বেলে মাঠপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল হাদি (৩৫) এবং নাস্তিপুর গ্রামের কায়েদ আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঝাঝাডাঙ্গা গ্রামের বেলে মাঠপাড়ায় আব্দুল হাদির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাস্তিপুর গ্রামে ইয়াজতুল্লাহর বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাঁর হেফাজত থেকে আরও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, পৃথক দুটি অভিযানে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *