আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

আলমডাঙ্গা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এ ছাড়া নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ট্রাফিক পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *