আবু সাঈদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩০ বোতল উইনসেরেক্স (Wincerex) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোরে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে চোরাকারবারির ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বেসামরিক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে পরিচালিত টহল দলটি সীমান্ত পিলার ৫৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল কবরস্থানের পাকা রাস্তার পাশে অবস্থান করছিল।
এ সময় এক সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করলে সে তার সঙ্গে থাকা একটি নাইলনের ব্যাগ ফেলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে।
তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ৩০ বোতল উইনসেরেক্স (Wincerex) সিরাপ এবং সাদা পলিথিনে মোড়ানো ও খাকি রঙের কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধার করা সিরাপ,পিস্তল ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন(৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।