নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ,সম্প্রীতি বজায় রাখার আহ্বান
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী শাহরিয়ার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আয়োজনের সার্বিক খোঁজখবর নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিতে পূজা উদযাপন কমিটিগুলোর উদ্যোগের প্রশংসা করে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ট্রাফিক পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করছে।
দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।