আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
কেউ যদি মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করেন, তাহলে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সরকারের যত ঘনিষ্ঠই হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের দাবি ও এ-সংক্রান্ত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি এসব কথা বলেন।
কাল ১১টার দিকে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই। শিক্ষকরা আগে যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, এবারও সেভাবেই অংশ নিতে পারবেন।
ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সরকার আশাবাদী। বিগত নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসব পরিকল্পনা যথাসময়ে প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন ভালো হবে।
সার ডিলার নিয়োগে অনিয়মের খবর পাননি আইনমন্ত্রী বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে কোনো অনিয়মের খবর তিনি পাননি। সার ডিলার নিয়োগ ও সার বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে।
হাসপাতালের সেবার মানোন্নয়নে আলোচনা
এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।