জীবননগর হাসাদহের ভ্যান চালক চাঁন্দ আলী নিখোঁজের ৫ দিন পর মস্তকবিহীন মরদেহ উদ্ধার পরিবারে শোকের মাতম

জীবননগর অফিস:

 চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁন্দ আলী(৫০)নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে সবদালপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের ব্যাটারিচালিত ভ্যানটির সন্ধান মেলেনি। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহত চাঁন্দ আলী জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার(১৫ অক্টোবর)বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চাঁন্দ আলী। পরদিন শুক্রবার তাঁর মেয়ে ও জামাই বাড়িতে আসার কথা ছিল। এ জন্য স্ত্রী তাঁকে প্রয়োজনীয় বাজারসদাই করে বাড়িতে ফিরতে বলেছিলেন। কিন্তু সেদিন থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। হাসাদহ বাজারের সিসিটিভি ফুটেজে চাঁন্দ আলীকে একজন যাত্রী নিয়ে বাজার থেকে বের হতে দেখা যায়। তবে এরপর তাঁকে আর বাজারে ফিরতে দেখা যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়।

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সকালে সবদালপুর সড়কের পাশ থেকে তাঁর মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা শোকাহত হয়ে পড়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোলাইমান শেখ জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *