মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত গ্রেফতার শ্বশুর

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার সময় চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাঁরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেনের বরাত দিয়ে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি কুড়াল জব্দ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *