আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকিসংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, বিরোধী দলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন।
বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত ও স্বৈরাচার এরশাদের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বর্তমানে আবারও দল দুটি এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির বারবার মিথ্যা কথা বলেন বলে তাঁর অভিযোগ। জামায়াতের নেতারা তাঁকে দরবেশ মনে করতে পারেন, কিন্তু তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। এ সময় তিনি জামায়াতের আমিরের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।