গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের ১৮ হাজার কোটি টাকা পরিশোধের দাবি, ঝিনাইদহ জোনে নতুন কমিটি

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের পাওনা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সারা দেশে প্রায় ১১ হাজার অবসরপ্রাপ্ত কর্মীর মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, প্রায় ১৮ হাজার কোটি টাকার পাওনা পরিশোধের বিষয়ে উচ্চ আদালত কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন। তবে পাওনা আদায় ও রায় বাস্তবায়ন নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কর্মীদের ঐক্যবদ্ধ করা, ন্যায্য পাওনা আদায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক (অবসরপ্রাপ্ত) কল্যাণ সমিতি, ঝিনাইদহ জোনের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত সদস্যরা নিজেদের মধ্যে পরিচিতি পর্বে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আসাদুজ্জামান, ফনিভূষণ রায়, আবু সাঈদ শওকত আলী, জহুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

বক্তারা অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গ্রামীণ ব্যাংক (অবসরপ্রাপ্ত) কল্যাণ সমিতি, ঝিনাইদহ জোনের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে আসাদুজ্জামানকে সভাপতি, ফনিভূষণ রায়কে সিনিয়র সহসভাপতি, আবু সাঈদ শওকত আলীকে সহসভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া জিয়াউর রহমান মিল্টনকে সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমানকে কোষাধ্যক্ষ, আসলাম হোসেনকে ক্রীড়া সম্পাদক, আসাদুজ্জামান পান্নুকে সহসাংগঠনিক সম্পাদক, জহুরুল ইসলামকে সহসাধারণ সম্পাদক এবং আব্দুল লতিফকে দপ্তর সম্পাদক করা হয়।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও তারেক রহমান।

নবগঠিত কমিটির সদস্যরা অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা আদায়, তাঁদের কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *