ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের জরুরি সভায় সব শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের মানুষের আদি ও আসল ভাষাকে ছড়িয়ে দিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপকে পুনরায় গতিশীল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে জেলা শহরের ব্যাপারীপাড়ায় গ্রুপের সভাপতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গ্রুপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ ইকবাল কাজল। এতে আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গ্রুপের ক্রিয়েটর ও প্রবাসী তরিকুল ইসলাম মিঠু।

প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম মিঠু বলেন, “ঝিনাইদহের প্রাণের ভাষা, আমাদের আদি ও আসল ভাষাকে চর্চা ও ধারণ করার লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। ঝিনেদার ভাষাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে গ্রুপটিকে আগের মতো সচল ও সক্রিয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা মোরশেদ আলম, সাইফুল ইসলাম লিকু, সাইদুল ইসলাম টিটো, মাসুদ রানা, ইমতিয়াজ আহম্মেদ শাহাদৎ, মহব্বত হোসেন, নাজমুল হাসান, মোহাম্মদ আলী, জাম্মিম সবুজ, হাসিন মুহিব, শরীফ আহম্মেদ রিমন, জাফর উদ্দীন রাজু, তারেকুন্নবী রনজু, আরিফুল আবেদীন টিটো এবং আসিফ আহম্মেদ।

দীর্ঘ আলোচনা শেষে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের মধ্যে অন্যতম হলো—কেন্দ্রীয় কমিটি ছাড়া গ্রুপের অধীনে থাকা অন্য সকল শাখা/উপ-কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া ঢাকায় অবস্থানরত ও দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ঝিনাইদহের অধিবাসীদের পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত অনুমতি ছাড়া ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের নাম ব্যবহার করে দেশের কোথাও কোনো ব্যক্তি বা গোষ্ঠী সভা, সমাবেশ কিংবা অনুষ্ঠান আয়োজন করতে পারবে না।

এর পাশাপাশি, আগামী ২৫ ডিসেম্বর ঝিনাইদহের ‘জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য ‘ফ্যামিলি পিকনিক’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্য কোনো এজেন্ডা না থাকায় পরিশেষে সভাপতি আসিফ কাজল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *