আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. মেহেদী হাসান মুন্না (৩০) নামে পৌর ছাত্রলীগের এক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মেহেদী হাসান মুন্না কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি পৌর এলাকার প্রধান বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকার মনির খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়ের করা মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে মুন্নার নাম উঠে আসে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার পিসিপিআর যাচাই করে পূর্বের অপরাধসংক্রান্ত কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।