ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে ২০ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ আশিক (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ক্লাবঘর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপির একটি দল নায়েব সুবেদার তাপশ কুমার সরকারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৬০/১০৭-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ক্লাবঘর মোড় এলাকায় অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আশিক মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে ২০ পিস ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।