অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামের দরিদ্র ভ্যানচালক ও ঝালমুড়ি বিক্রেতা ইউনুচ আলীর জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত ৯ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে তার একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
জানা যায়, ইউনুচ আলী দীর্ঘদিন ধরে উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করে আসছিলেন। প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে যে সামান্য লাভ হতো, তা দিয়েই ৫-৬ সদস্যের পরিবারের ভরণপোষণ চলত। তার নিজের বলতে রয়েছে মাত্র ৩ শতক ভিটাজমি। এ ছাড়া পরিবারের আয়ের আর কোনো উৎস নেই।
ইউনুচ আলী জানান, ভ্যানটিই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। প্রতিদিন ভ্যানে করে বকুলতলা বাজারে ঝালমুড়ি বিক্রি করে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে সংসার চলত। কিন্তু গত ৯ নভেম্বর রাতে বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে তার আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তার।
একটি ভ্যান হারিয়ে শুধু ইউনুচ আলীর কর্মসংস্থানই বন্ধ হয়নি, বরং তার পুরো পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ অবস্থায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। অসহায় ইউনুচ আলীর পরিবারের কথা বিবেচনা করে তাকে একটি ভ্যান অথবা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনরায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।