স্বামী প্রবাসে যেতেই শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ অভিযোগ ছাড়াই তরুণীর পাশে দাঁড়াল পুলিশ

কচুয়ায় মানবিক উদ্যোগে শ্বশুরবাড়িতে ফিরলেন রিয়া আক্তার

আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:
ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে নতুন জীবন শুরু করেছিলেন ২২ বছর বয়সী এক তরুণী। স্বপ্ন ছিল ভালোবাসার মানুষকে নিয়ে সুখের সংসার গড়ার। কিন্তু বিয়ের কিছুদিন পর স্বামী জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমালে শ্বশুরবাড়িতে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ করেছেন ওই তরুণী। একপর্যায়ে তাঁর অসহায়ত্বের খবর পৌঁছে যায় পুলিশের কাছে। লিখিত অভিযোগ না পেলেও মানবিক বিবেচনায় তাঁর পাশে দাঁড়িয়েছে পুলিশ।

ঘটনাটি চাঁদপুরের কচুয়া উপজেলার কাটলা ইউনিয়নের মনপুরা এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে ভালোবাসার টানে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই তরুণী। নতুন নাম রাখেন রিয়া আক্তার। পরে আদালতের মাধ্যমে একই এলাকার আব্দুল্লার ছেলে রাব্বি আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর কিছুদিন তাঁদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল।

কিন্তু জীবিকার প্রয়োজনে স্বামী রাব্বি আহমেদ বিদেশে চলে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে অভিযোগ রিয়ার। তাঁর দাবি, স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর-শাশুড়ির কাছ থেকে বিভিন্ন ধরনের অমানবিক আচরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি তাঁকে জোরপূর্বক তালাক দেওয়ার উদ্দেশ্যে সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন রিয়া।

এ ছাড়া তাঁর বাবা-মাকে হুমকি দেওয়া এবং স্থানীয় মাতব্বরদের ডেকে স্বামীর অনুপস্থিতিতে সংসার ভেঙে দেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও ওঠে। এতে চরম অসহায় হয়ে পড়েন তরুণী।

একপর্যায়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নজরে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ না থাকলেও মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। রিয়ার সঙ্গে কথা বলেন এবং পারিবারিক বিরোধ নিরসনে উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় রিয়াকে তাঁর পছন্দের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চাই না, আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই।”

তরুণীর এই বক্তব্যে স্বামীর প্রতি তাঁর ভালোবাসা এবং সংসার টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা ফুটে ওঠে।

পরবর্তী সময়ে পুলিশ ও প্রবাসে থাকা স্বামী রাব্বি আহমেদের উদ্যোগে শ্বশুর-শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। একপর্যায়ে শ্বশুর-শাশুড়ির মনোভাবের পরিবর্তন ঘটে। তাঁরা পুত্রবধূ রিয়াকে গ্রহণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনায় কচুয়া থানা পুলিশের মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের বিপদে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার বিষয়টি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি সংসার টিকে থাকে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও দায়িত্ববোধের ওপর। একজন নারী নতুন পরিবারে এসে নিরাপত্তা, সম্মান ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন। পারিবারিক বিরোধের ক্ষেত্রে প্রতিহিংসা নয়, প্রয়োজন সহনশীলতা ও সমাধানের আন্তরিক প্রচেষ্টা রিয়া আক্তারের নতুন জীবনে ফিরে আসুক স্বস্তি ও শান্তি—এমন প্রত্যাশা সবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *