জীবননগরে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য প্রচলিত আমনের চেয়ে ফলন প্রায় দ্বিগুণ বিঘায় আয় ৩৫-৪০ হাজার টাকা

রাজেদুল ইসলাম,জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আমন ধান চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের(বিনা)উদ্ভাবিত উচ্চফলনশীল জাত বিনা ধান-২৬। প্রচলিত আমন ধানের তুলনায় এ জাতের ফলন উল্লেখযোগ্য ভাবে বেশি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। কৃষকেরা বিঘাপ্রতি সাড়ে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন।কোনো কোনো কৃষকের জমিতে ফলন ছাড়িয়েছে ৩২ মণ।উৎপাদিত ধান ও বিচালি বিক্রি করে বিঘাপ্রতি ৩৫-৪০ হাজার টাকা আয় হচ্ছে।

অন্যদিকে প্রচলিত জাতের আমন ধানে একই জমিতে সর্বোচ্চ ১৮ মণ ফলন পাওয়ার নজির রয়েছে।তুলনামূলক কম উৎপাদন খরচ,স্বল্প জীবনকাল ও বেশি ফলনের কারণে এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা।

জীবননগর পৌর এলাকার সুবলপুর গ্রামের কৃষক আলমগীর হোসেন ও মাসুদ হোসেন জানান,চলতি আমন মৌসুমে তাঁরা বিনা ধান-২৬ চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন। ফলন ও লাভের সম্ভাবনা ভালো হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে এ জাতের ধান আবাদ করার পরিকল্পনা করছেন তাঁরা। তাঁদের সাফল্য দেখে আশপাশের অনেক কৃষকও বিনা ধান-২৬ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

এ জাতের ধানের ফলন ও সম্ভাবনা কৃষকদের সামনে তুলে ধরতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের কৃষক জহিরুল হকের জমিতে আয়োজন করা হয় মাঠ দিবস ও ফসল কর্তন কর্মসূচি। এসময় পাকা ধান কেটে ফলন পর্যবেক্ষণ করা হয়।পাশাপাশি কৃষকদের সঙ্গে এ জাতের ধান চাষের অভিজ্ঞতা,উৎপাদন খরচ ও লাভজনক দিক নিয়ে আলোচনা করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

বিনা মাগুরা উপকেন্দ্রের কর্মকর্তা ড.সুশান চৌয়ান বলেন,চলতি উপজেলার ২০০-২৫০ কৃষককে বিনা ধান-২৬-এর বীজ দেয়া হয়েছিল। তাঁরা এ জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। এ ধানের জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। এটি জলাবদ্ধতা ও বিভিন্ন রোগবালাই সহনশীল। পাশাপাশি সার, বীজ,কীটনাশক ও সেচের প্রয়োজন তুলনামূলক কম। বিঘাপ্রতি গড়ে ২৫ থেকে ৩০ মণ ফলন পাওয়া যায়। মাঠপর্যায়ে ভালো ফলন পাওয়ায় নতুন কৃষকদের মধ্যেও এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে।

জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়,গত বছরের তুলনায় চলতি বছরে অধিক জমিতে বিনা ধান-২৬ এর আবাদ হয়েছে।চলতি বছর হেক্টরপ্রতি ৬ দশমিক ২ টন ফলন পাওয়া গেছে। এ ফলন এ অঞ্চলের আমন চাষিদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। বিনা ধান-২৬ জাতের রোগবালাইয়ের প্রকোপ তুলনামূলক কম এবং জলাবদ্ধতা সহ্য করার সক্ষমতা রয়েছে। এ জাতের আবাদ সম্প্রসারণ করা গেলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

ধোপাখালী গ্রামের কৃষক মাসুদ রানা বলেন,এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে বিনা ধান-২৬ আবাদ করেছেন। আগে প্রচলিত আমন ধান চাষ করে বিঘাপ্রতি সর্বোচ্চ ১৮ মণ ফলন পেতেন। কিন্তু এবার একই জমিতে বিনা ধান-২৬ চাষ করে বিঘাপ্রতি সাড়ে ৩২ মণ ধান পেয়েছেন। এতে তাঁর উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ভালো ফলন পাওয়ায় আগামী আমন মৌসুমে আরও বেশি জমিতে এ জাতের ধান চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।

জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এসএমই কৃষক রাজেদুল ইসলাম বলেন,বিনা ধান-২৬ শুধু ফলনেই এগিয়ে নয়,বাজারেও তুলনামূলক ভালো দাম পাওয়া যায়। উৎপাদন খরচও কম। বিঘাপ্রতি ধান উৎপাদনে খরচ হয় প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা। বিপরীতে ধান বিক্রি করে আয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এর সঙ্গে বিঘাপ্রতি বিচালি বিক্রি করে আরও ছয় থেকে আট হাজার টাকা বাড়তি আয় করা সম্ভব। সব মিলিয়ে এ জাতের ধান চাষে কৃষকের লাভের সম্ভাবনা বেশি।

কৃষকদের মতে,একই জমিতে বেশি ফলন এবং উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় বিনা ধান-২৬ আমন মৌসুমে লাভজনক বিকল্প হয়ে উঠছে। বিশেষ করে স্বল্প সময়ে ফসল ঘরে তোলা সম্ভব হওয়ায় পরবর্তী ফসল আবাদের ক্ষেত্রেও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,মাঠপর্যায়ে প্রদর্শনী ও ফসল কর্তন কর্মসূচির মাধ্যমে নতুন জাতের ধানের ফলন ও বৈশিষ্ট্য সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেয়া হচ্ছে। এতে কৃষকেরা নিজেদের জমির ধরন ও চাষাবাদের পরিবেশ বিবেচনা করে উপযোগী জাত নির্বাচন করতে পারছেন।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা মনে করছেন,বিনা ধান-২৬-এর ফলন ও উৎপাদন খরচের ইতিবাচক দিকগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়া গেলে আমন মৌসুমে এ জাতের আবাদ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন ধানের উৎপাদন বাড়বে,অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় আয় বৃদ্ধি পেয়ে কৃষকের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। জীবননগরের মাঠপর্যায়ে বিনা-২৬ ধানে পাওয়া সাফল্য স্থানীয় কৃষিতে নতুন আশার সঞ্চার জাগিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *