ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে কৃষকের স্বপ্ন, পাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তা ঝুঁকিতে ৬৮ হাজার হেক্টরের বেশি ধান

আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঝিনাইদহে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। অসময়ের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাচ্ছে কেটে রাখা পাকা ধান। জমিতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজও। এতে কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জেলার হাজারো কৃষক। ধান নষ্ট হওয়ার পাশাপাশি গো-খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে পানি জমে যায়। এতে পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। আবার যেসব কৃষক আগেই ধান কেটে জমিতে রেখেছেন, তারাও পড়েছেন বিপাকে। বৃষ্টির পানিতে ভিজে কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ধান ঘরে তুলতে কয়েক দিন বিলম্ব হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখনো ৬৮ হাজার ৯৭৪ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে টানা বৃষ্টিতে মাঠের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানও ঝুঁকির মুখে। এতে ধানের গুণগত মান ও ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

বিষয়খালী গ্রামের কৃষক জিয়াউর রহমান বলেন, ধারদেনা করে জমিতে ধান আবাদ করেছেন। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি থাকায় শ্রমিক পাওয়া গেলেও ধান কাটার উপায় নেই। কেটে রাখা ধানও রক্ষা করা যাচ্ছে না। কয়েক দিনের বৃষ্টিতে সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

একই এলাকার কৃষক সবুজ হোসেন বলেন, ধান ঘরে তুলতে দেরি হলে শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে যাবে। অন্যদিকে জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদও পিছিয়ে যেতে পারে। এতে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচের বোঝা সামলানো কঠিন হয়ে পড়বে।

বিষয়খালী গ্রামের কৃষক সন্তোষ ঘোষ বলেন, বৃষ্টির আগেই তিনি পাঁচ বিঘা জমির ধান কেটেছেন। কিন্তু বৃষ্টিতে কেটে রাখা ধান নিয়ে এখন চরম বিপাকে পড়েছেন। ধান কাটার কাজে বাইরে থেকে শ্রমিক এনেছিলেন। পরিস্থিতির কারণে তাদের বিদায় করতে পারেননি। গত তিন দিন ধরে শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি ধান রক্ষা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

শুধু ধান নয়, বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকের গো-খাদ্য নিয়েও। কৃষক রফিকুল ইসলাম জানান, কাটা ধান বৃষ্টিতে ভিজে থাকলে তা থেকে ভালো বিচুলি তৈরি করা সম্ভব হবে না। ভেজা ধান ও খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে বিচুলি বিক্রি করে বাড়তি আয় থেকে বঞ্চিত হবেন কৃষকরা, অন্যদিকে গবাদিপশুর খাদ্যসংকটও দেখা দিতে পারে। ফলে ধানের পাশাপাশি গো-খাদ্য নিয়েও নতুন করে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কেটে রাখা ধান যতটা সম্ভব উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, বৃষ্টিতে কাটা ধান ও খড় দীর্ঘসময় ভিজে থাকলে বিচুলি তৈরি ও সংরক্ষণে সমস্যা হতে পারে। এতে কৃষকের গো-খাদ্য সংকটের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, মৌসুমের শেষ সময়ে এসে টানা বৃষ্টিতে ঝিনাইদহের কৃষকদের ফসল ঘরে তোলার স্বপ্ন অনিশ্চয়তায় পড়েছে। প্রকৃতির এই বিরূপ আচরণে একদিকে যেমন পাকা ধান রক্ষা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে ঋণ পরিশোধ ও পরিবারের সারা বছরের খরচ জোগানো নিয়েও নতুন করে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *