হাট নাকি ধান লাগানো মাঠ?

পৌরসভার নতুন হাটখোলা দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:
ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলা। নাম হাট হলেও বৃষ্টি হলে দেখে মনে হয় ধান লাগানোর মাঠ। সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে যায় পুরো হাট। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের ভেতরের অধিকাংশ জায়গায় জমে থাকে কাদা ও পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। দীর্ঘদিনের এ সমস্যায় ক্ষোভ বাড়ছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টির পর হাটের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও পানি জমে আছে, কোথাও আবার কাদার মধ্যে তৈরি হয়েছে যানবাহনের চাকার গভীর দাগ। হাটের ভেতরে চলাচলের রাস্তা ও দোকানের সামনের অংশ কাদায় ভরে থাকায় ক্রেতাদের স্বাভাবিকভাবে কেনাকাটা করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কাদা মাড়িয়ে পণ্য নিয়ে দোকানে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরাও।
হাটে আসা শহরের আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসে এমন দুর্ভোগ পোহাতে হয়।”
সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, “এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। বৃষ্টি হলে পুরো হাট কাদায় ভরে যায়। মালামাল নিয়ে দোকানে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। কাদার কারণে ক্রেতারাও দোকানে আসতে চান না। এতে আমাদের বেচাকেনাও কমে যায়। পৌরসভায় বারবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয় না।”
হাটে কেনাকাটা করতে আসা পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, “নারী ও বয়স্ক মানুষের জন্য এই হাটে চলাচল করা খুবই কষ্টকর। কোথাও শুকনো জায়গা পাওয়া যায় না। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করা।”
মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, “বৃষ্টি হলেই দোকানের সামনে কাদা জমে থাকে। ক্রেতারা কাদা ঠেলে আসতে চান না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আমরা চাই, হাটের রাস্তাগুলো পাকা করা হোক এবং পানি বের হওয়ার ব্যবস্থা করা হোক।”
স্থানীয়দের অভিযোগ, নতুন হাটখোলায় বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে যায়। এতে হাটের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ক্রেতাদের চলাচলে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন তাঁরা।
তবে হাটের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাশেদ আলী খান বলেন, “নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য আমরা আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করেছি। ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হবে। আশা করছি, দ্রুতই এই সমস্যার সমাধান হবে।”
পৌর কর্তৃপক্ষের এ আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও বাস্তবে কবে নাগাদ হাটের রাস্তাঘাট সংস্কার হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তাঁদের প্রত্যাশা, শুধু রাস্তা সংস্কার নয়, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করে নতুন হাটখোলাকে চলাচলের উপযোগী করে তোলা হবে।
হাটে আসা মানুষের প্রশ্ন—বৃষ্টির পরও কি নতুন হাটখোলায় স্বাভাবিকভাবে কেনাকাটা করা যাবে, নাকি কাদার মধ্যে ধান লাগানোর মাঠের মতোই পড়ে থাকবে এই হাট?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *