সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বসবাসের অনুপযোগী ২৭টি আবাসন প্রকল্প, ভাঙা ঘর,নষ্ট স্যানিটেশন ও সড়কে চরম দুর্ভোগ
আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান ঝিনাইদহ:
মাথা গোঁজার ঠাঁই করে দিতে একসময় সরকার নির্মাণ করেছিল আবাসন প্রকল্প। অসহায় ও ভূমিহীন মানুষের কাছে এসব ঘর ছিল নিরাপদ আশ্রয় ও নতুন করে বাঁচার স্বপ্ন। কিন্তু বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই স্বপ্নের আশ্রয়স্থলই এখন পরিণত হয়েছে দুর্ভোগের কারণ। কোথাও ঘরের টিনের চালা মরিচা ধরে নষ্ট হয়েছে, কোথাও ভেঙে পড়েছে দরজা-জানালা। আবার নষ্ট হয়ে গেছে স্যানিটেশন ব্যবস্থা ও চলাচলের রাস্তা। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে ঝিনাইদহের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দাদের।
সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় চলাচলের রাস্তা। চারদিকে আগাছা, জঙ্গল ও ময়লা-আবর্জনার স্তূপ। এমনই বেহাল চিত্র ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি মুক্তাঙ্গন আবাসন প্রকল্পের। আবাসন প্রকল্পের একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন শারীরিক প্রতিবন্ধী তোফাজ্জেল হোসেন। একসময় যে ঘর ছিল তাঁর পরিবারের নিরাপদ আশ্রয়, সেই ঘরেই এখন প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।

বরাদ্দ পাওয়া দুই কক্ষের টিনের ঘরের চালা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে দরজা-জানালা। স্যানিটেশন ব্যবস্থা ও চলাচলের রাস্তাও ব্যবহারের অনুপযোগী। সহায়-সম্বল না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে বাধ্য হয়েই এমন পরিবেশে বসবাস করছেন তিনি।
শুধু তোফাজ্জেল হোসেন নন, একই দুরবস্থার শিকার আবাসন প্রকল্পের অন্য বাসিন্দারাও। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অনেকেই ছেড়ে গেছেন তাঁদের বরাদ্দ পাওয়া ঘর। একসময় যেখানে ছিল মানুষের বসতি, সেখানে এখন অনেক ঘরই পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পগুলোর ঘরবাড়ি, সড়ক ও স্যানিটেশন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু কার্যকর উদ্যোগ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দ্রুত এসব ঘরবাড়ি সংস্কার, রাস্তাঘাট মেরামত এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরাজীর্ণ আবাসন প্রকল্পগুলোর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, জরাজীর্ণ আবাসন প্রকল্পগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ছয়টি উপজেলায় টিনের ব্যারাক ঘরের মোট ২৭টি আবাসন প্রকল্প রয়েছে। এর মধ্যে সদর উপজেলার কয়ারগাছি মুক্তাঙ্গন আবাসন প্রকল্পে ২০০টি ঘর থাকলেও বর্তমানে মাত্র ৫০টিতে বসবাস করছেন বাসিন্দারা। বাকি ঘরগুলোতে মানুষের বসবাস নেই।
দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে সরকারি উদ্যোগে গড়ে তোলা এসব আবাসন প্রকল্প একসময় পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই অসহায় ও ভূমিহীন মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।