জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ বিবাহ বিচ্ছেদের চার বছর পরও বিরোধের জেরে প্রাণ গেল স্বামী খালেকের

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক(৫০)নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোন মামরা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে দুজন আলাদা বসবাস করছিলেন। তবে বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খালেকের বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে।

নিহতের স্বজনদের দাবি,বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইন্দারাপাড়া মাঠে জমির বন্দক সংক্রান্ত টাকা দিতে যান আব্দুল খালেক। এ সময় তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং তাঁর দুই ভাই ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) তাঁর ওপর হামলা চালান।তাঁকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাঠে ফেলে রাখা হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে জিনারুল অভিযোগ করে বলেন,চার বছর আগে তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হলেও এরপরও তাঁর বাবাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয়া হতো। প্রায় দেড় মাস আগেও তাঁর মা ও মামারা তাঁর বাবাকে মারধর করে আহত করেছিলেন বলে দাবি করেন তিনি।

জিনারুল আরও বলেন,বুধবার বিকেলে তাঁর বাবাকে মারধর করে মাঠে ফেলে রাখার খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে যান। সেখানে বাবার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই বাবার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.তৌহিদুর রহমান বলেন,বুধবার রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক হাসপাতালে আসেন। হাসপাতালে আনার সময় তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছিল। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচা্র্জ(ওসি) সোলায়মান শেখ বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।  ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। 

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক স্ত্রী ও তাঁর দুই ভাই পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *