বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. শাহাজান আলী মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি গহেরপুর স্কুলপাড়া এলাকার মৃত মুনছুর আলী মন্ডলের ছেলে। দর্শনা থানার ২৫ নভেম্বর ২০২৬ তারিখের ১৩ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি জিআর-১৮৬/২৬ নম্বরের এবং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মো. হোসেন আলী (১৮), আনোয়ারপুর হঠাৎপাড়া; মো. তাহাজ উদ্দীন (৪০), যদুপুর ঈদগাপাড়া; মো. সবুজ হোসেন ওরফে লাল্টু (২৩), দর্শনা দক্ষিণ চাঁদপুর; মো. মুকুল ওরফে খোড়া (৩২), ঈশ্বরচন্দ্রপুর; মো. মন্টু মিয়া (৩৫), নেহালপুর পূর্বপাড়া; মো. সবুজ (৩২), হরিশপুর উত্তরপাড়া; মো. আজমল হক (৩২), ধান্যঘরা এবং মোছা. রাবেয়া খাতুন (৩০), আকন্দবাড়ীয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।