আবু সাইদ শওকত আলী,এলাঙ্গী (ঝিনাইদহ):
ঝিনাইদহ সদর উপজেলার আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অহিদুজ্জামান নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমল কুমার সাহা শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাতে কমল কুমার সাহাসহ কয়েকজন শৈলকুপা থেকে একটি মাহিন্দ্রে করে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে আমতলা বাজারসংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মাহিন্দ্রটির ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রটি উল্টে গিয়ে দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মাহিন্দ্রের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কমল কুমার সাহাকে মৃত ঘোষণা করেন। অপর আহত অহিদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।