বলুর মেলা থেকে ফিরে
ঝিনাইদহ প্রতিনিধি অপু দাস:
যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্যের আয়োজন
করে চার যুবক। এসময় পুলিশ তাদের আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার এসআই (নিঃ)
মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মেলায় ডিউটিরত অবস্থায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো- মোঃ শামীম হোসেন (২০), পিতা- আদিল উদ্দিন, সাং- হাজীপুর মুন্দিয়া, লিমন হোসেন (১৯), পিতা- আব্দার বিশ্বাস, সাং- হাজীপুর মুন্দিয়া, মোঃ রিফাত (১৯), পিতা- মোঃ আরিফ, সাং- আগমুন্দিয়া এবং সম্রাট হোসেন (২১), পিতা- মোকছেদ, সাং- কাশিপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন
ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে পাঁচ দিন এবং
অপরজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ ঘটনায় মেলায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের
কারণে মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
ওসি আনোয়ার হোসেন বলেন, মেলায় কোনো ধরনের অশ্লীলতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।