জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে জীবননগর স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে স্থানীয় ক্রীড়াঙ্গনে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন,শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রেক্ষাপটে মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের মতো নেতিবাচক প্রবণতা থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে ওঠে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশ।
অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা,এই প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলারদের খুঁজে বের করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এলাকার সুনাম বয়ে আনতে পারে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তোলার মাধ্যমে তাদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।