জনগুরুত্বপূর্ণ দামুড়হুদার শিবনগর ডিসি ইকোপার্ক সড়ক দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর ডিসি ইকোপার্কের জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবি উঠেছে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর পক্ষ থেকে।

জানা গেছে, শিবনগর ডিসি ইকোপার্কে যাতায়াতের এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত পর্যটক ছাড়াও আশপাশের অন্তত ৬ থেকে ৭টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে পর্যটকদের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার পাশাপাশি রাস্তার দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তালগাছের চারাগুলো পরিকল্পিতভাবে স্থানান্তর করে সারিবদ্ধভাবে রোপণ করা হোক। এতে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি যান চলাচলও হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
স্থানীয়দের মতে, পর্যটন সম্ভাবনাময় শিবনগর ডিসি ইকোপার্কে আগত দর্শনার্থীদের সুবিধার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।
এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *