ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে| শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন| এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১১০-১১৫ জনকে|
মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে| এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয় মামলায়|
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমš^য়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়|
এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়|
হামলায় নাসির উদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে|
এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে| ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে|


মামলায় আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে|
এদিকে মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করা মুহূর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে| এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি

জানায়| এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ| এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা| সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে| পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহাড়ায় পাটোয়ারীদের নিরাপদে বের করে দেওয়া হয়|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে| এনসিপি নেতকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় গেছেন| এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *