জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সিটি গ্রুপের ব্র্যান্ড নাম ব্যবহার করে ‘তীর গমের ভূষি’ তৈরি ও বাজারজাত করার অভিযোগে মেসার্স শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর পৌর এলাকার বিভিন্ন কীটনাশক ও পশুখাদ্য/ভূষি বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চ্যাংখালী রোডের নারায়ণপুর মোড় এলাকায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্সে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই সিটি গ্রুপের ‘তীর গমের ভূষি’ নামে পণ্য প্রস্তুত ও বাজারজাত করছিল। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক সাইফুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনারও আহ্বান জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।