চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দর্শনা থানার মোবারকপাড়া গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ হাবিবুর হাকিম ওরফে বিপ্লব (২৭)। তিনি মোঃ আকরাম খাঁ ও মোছাঃ বিলকিস বেগমের ছেলে। তার বাড়ি দর্শনা থানার শান্তিপাড়া এলাকায়।
পুলিশ উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।