জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশে খুলনা থেকে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য,নিহত ব্যক্তি কয়েকদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা,তিনি রেললাইনের ওপর বা খুব কাছাকাছি অবস্থান করছিলেন,এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তার শরীরের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন,ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি পুলিশ।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান,মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে।