জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মকবুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের আদি বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে।
স্থানীয়রা জানান, গ্রামের বাড়ির একটি কক্ষে বিদ্যুতের সংযোগের তার সরানোর সময় অসাবধানতাবশত নাঈম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিব পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের বাড়িতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলটি পার্শ্ববর্তী দর্শনা থানা এলাকার। ঘটনাটি শোনার পরপরই থানার অফিসার ফোর্স হাসপাতালে পাঠানো হয়।