চুয়াডাঙ্গ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন আসমানখালী পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর। বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ক্যাম্পটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবারের মান, আবাসন ব্যবস্থা, প্রয়োজনীয় লজিস্টিকস, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হন।
পুলিশ সুপার ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারত্ব, সততা ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশি টহল জোরদার করার নির্দেশনা দেন।
এ সময় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক উদ্ধার, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে আইনানুগ সেবা প্রত্যাশী সাধারণ মানুষের জন্য দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশ সুপার ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলসহ আসমানখালী পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা।