ময়মনসিংহ অফিস:
ময়মনসিংহ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের খাগডহর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবজু ওই গ্রামের জজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেলে খাগডহর মধ্যপাড়ার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার সময় আরিফ ও শাকিব নামে দুই কিশোরের মধ্যে একজন খেলোয়াড়কে দলে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আরিফ মাঠের একপাশের বাঁশের গোলপোস্ট তুলে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়।
পরে বিষয়টি আরিফ তার বাড়িতে জানালে তার পক্ষের লোকজন শাকিবের এলাকায় যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে বাবজুসহ পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবজুকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ##