আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খান

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

বাংলাদেশের রাজনীতিতে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটবদ্ধ হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে তিনি দাবি করেন।

১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় জামায়াত আওয়ামী লীগের সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল। একইভাবে বর্তমান সময়েও তারা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে রাশেদ খান বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল এ চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দেশের একটি বড় অংশও চুক্তিটিকে সমর্থন করছে বলে তিনি দাবি করেন। তবে দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এ সময় দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খান। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরার বিষয়ে রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুল বুঝে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করেছেন, তাঁরা অনুশোচনা প্রকাশ করলে দলীয় হাইকমান্ড তাঁদের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের দলে ফেরানোর বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *