জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের বিনোদন ও অবসর সময়কে আনন্দময় করতে একটি কেরামবোর্ড উপহার দিয়েছেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মেয়র প্রার্তী শাহজান কবীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে কেরাম বোর্ডটি হস্তান্তর করেন।
কেরামবোর্ড হস্তান্তরের সময় শাহজাহান কবীর বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে দিনের অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও মানুষের নানা সমস্যা তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি অবসর সময়ে মানসিক প্রশান্তি ও বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের অবসর সময়কে আরও আনন্দময় করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে কেরামবোর্ডটি উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জীবননগর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন জনস্বার্থের বিষয় গণমাধ্যমে তুলে ধরতে এখানকার সাংবাদিকরা কাজ করছেন। প্রেসক্লাবের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কেরামবোর্ড উপহার দেওয়ায় জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে শাহজাহান কবীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সাংবাদিকদের অবসর বিনোদনের জন্য এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম ও সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।