জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের খাপাড়া এলাকায় একটি ফার্মেসিতে শাবল দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর,মালামাল ক্ষতিসাধন এবং ক্যাশ ড্রয়ার থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শেখ নূরুল ইসলামের(৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ফার্মেসির মালিক দেলোয়ার হুসাইন (৪০) জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বুধবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সংঘটিত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,দেলোয়ার হুসাইন আন্দুলবাড়ীয়া খাপাড়া এলাকায় ‘কাজী ফার্ম’ নামে একটি ফার্মেসি পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ নূরুল ইসলাম তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। এর আগে নূরুল ইসলাম ওই ফার্মেসিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলে দেলোয়ার পুনরায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
লিখিত অভিযোগে দেলোয়ার হুসাইন আরও উল্লেখ করেছেন, শেখ নূরুল ইসলাম বিভিন্ন সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি নিয়ে তিনি আতঙ্কের মধ্যে থাকলেও স্বাভাবিক ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে বুধবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই শেখ নূরুল ইসলাম হাতে লোহার শাবল নিয়ে ‘কাজী ফার্ম’-এর সামনে উপস্থিত হয়। এ সময় সে টাকা না দেয়ার কারণ জানতে চেয়ে ফার্মেসিতে শাবল দিয়ে ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ফার্মেসির কাচ ভেঙে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়। ভাঙা কাচের টুকরায় দেলোয়ার হুসাইনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে রক্তাক্ত জখম হয় ।
হামলার সময় ফার্মেসিতে থাকা একটি ল্যাপটপ,একটি প্রিন্টার এবং এসির অংশ বিশেষ ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ সময় অভিযুক্ত নুরুল ইসলাম ফার্মেসির ভেতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেছেন ফার্মেসির মালিক দেলোয়ার হুসাইন।
দেলোয়ার হুসাইনের চিৎকার শুনে প্রত্যক্ষদর্শী কাজী শিপন হোসেন,মোল্যা ফয়েজ,পিন্টু মিয়াসহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখে এবং হামলাকারিকে নিবৃত করেন। পরে আহত দেলোয়ার জীবননগর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে অভিযুক্ত শেখ নূরুল ইসলামের দাবি,ফার্মেসির মালিক দেলোয়ার হুসাইন ‘জিনের মাধ্যমে’ তাদের পরিবারের লোকজনের মস্তিষ্ক বিকৃত করেছেন এবং তিনিও নিজে এ ঘটনার শিকার হয়েছেন। তবে তার এ দাবি এলাকাবাসীর নিকট হাস্যকর ও অগ্রহনযোগ্য বলে মনে হয়েছে।
অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি,শেখ নূরুল ইসলাম এর আগেও ওই ফার্মেসিতে হামলা চালিয়ে ক্ষতি সাধন করেছিলেন। এ ঘটনায় দেলোয়ার হুসাইন অভিযুক্ত শেখ নূরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।