শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যান। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপ ট্রাকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে পিকআপে থাকা অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্য একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে কি না, তা পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়কের পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *