চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের যোগদান

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সবার সহযোগিতা কামনা
বিশেষ  প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দায়িত্ব নেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী শাহরিয়ার যশোর জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চুয়াডাঙ্গায় যোগদানের আগে তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
তিনি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশকে আরও পেশাদার, জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *