মহেশপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই জনের কারাদণ্ড প্রদান 

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য সেবনের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার ভালাইপুর (ভালাইশ্বর) গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. লাল চান (২৫) এবং যাদবপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মো. শাহরিয়ার নাফিজ (২১)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে মো. লাল চানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা নম্বর মহেশ মিস ৯৭/২৬।

অপরদিকে, মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সেবনের অপরাধে মো. শাহরিয়ার নাফিজকে একই আইনের ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় মামলা নম্বর মহেশ মিস ৯৮/২৬।

মহেশপুরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ সাজা প্রদান করেন এবং সাজা পরোয়ানা জারি করেন। পরে সাজাপ্রাপ্ত দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *