আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও বিপুলসংখ্যক দেশি-বিদেশি সিম কার্ডসহ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—শ্যামকুড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস এবং দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রহিম ও শাহেব আলীকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন-২০০১-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও দুজনকে মামলায় আসামি করা হবে।
তিনি বলেন, উদ্ধার করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।