চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় জেলা কমিটির সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ। সম্মানিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার রোধ, চোরাচালান দমন এবং অনিষ্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান তৈরি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সন্ত্রাস, মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *