জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

কৃত্রিম সংকট, অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে কঠোর  অবস্থানের কথা জানাল জেলা পুলিশ

বিশেষ প্রতিনিধি:

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

সভায় জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা,পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ,কালোবাজারি,অতিরিক্ত দামে বিক্রয় এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি,মজুদ ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠু রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম,অবৈধ মজুদ কিংবা কালোবাজারির তথ্য পাওয়া গেলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাঁদের মতামত এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *