জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীকে গত কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা স্থানীয়দের। মঙ্গলবার ভোরে মহাসড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহত নারীর মরদেহ বর্তমানে থানায় রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত নারীর পরিচয় শনাক্তের বিষয়ে পুলিশের পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।