ময়মনসিংহ অফিস :
ময়মনসিংহ নগরীতে অভিযান চালানোর সময় দুবৃর্ত্তরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে আহত
হয়েছেন পুলিশের দুই সদস্য ও এক স্থানীয় ব্যক্তি। এ ঘটনার পর পুলিশের তাৎক্ষণিক অভিযানে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— নগরীর এক নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল, কনস্টেবল
মো. এরশাদ এবং স্থানীয় অভিযোগকারী এক ব্যক্তি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল অভিযান চালায়।
অভিযানে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ও ডিবি পুলিশের কর্মকর্তারা নেতৃত্ব দেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।
ওসি শিবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের লোকজন প্রতিপক্ষকে থানায় যেতে বাধা
দেয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়
এবং অভিযোগকারীকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ অভিযোগকারী
আহত হন।তিনি আরও জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী ও আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।