জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে “সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহকে না বলি” শীর্ষক মিট দ্য স্টুডেন্টস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
বক্তৃতায় তিনি বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন,আমাদের বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী
পড়াশোনা করে। কিন্তু পর্যাপ্ত ভবন নেই। বিদ্যালয় সরকারি করার জন্য সব শর্ত পূরণ করলেও এখনো সরকারি হয়নি। এছাড়া শিক্ষার্থীদের জন্য সাইকেল স্ট্যান্ড নেই। খোলার মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। মাঠ ভরাট ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে আশ্বাস দেন। তিনি বলেন,সাইকেল স্ট্যান্ড, মেয়েদের জন্য কমন রুম ও মাঠ ভরাটসহ অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
উল্লেখ্য,জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথমেই জীবননগর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে জীবননগর থানা পাইলট হাইস্কুলে মিট দ্য স্টুডেন্টস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি
একই দিন দুপুর দুইটার দিকে উপজেলার পিয়ারাতলা ফল বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারে একটি পাবলিক টয়লেট স্থাপন ও সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ভ্যান ক্রয়ের আশ্বাস প্রদান করেন।