জীবননগর উথলীর স্কুলছাত্র সৌভিক নিখোঁজ পরিবারে চরম উদ্বেগ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইমুম আহমেদ সৌভিক (১৩) গত ২১ সেপ্টেম্বর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। দীর্ঘ তিন দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান না মেলায় পরিবারসহ আত্মীয়স্বজন ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে সৌভিক নিজ বাড়ি উথলী মোল্লাবাড়িপাড়া থেকে মনোহরপুরে খেলা দেখার কথা বলে বের হয়। পরে স্থানীয়ভাবে জানা যায়, সৌভিক দর্শনা এলাকায় পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাখি কেনার কথা বলে কিছু টাকা নেয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

সৌভিকের বয়স ১৩ বছর। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি (জার্সি)। হঠাৎ এভাবে শিশুটির হারিয়ে যাওয়া নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

সন্তান হারিয়ে দিশেহারা সৌভিকের বাবা-মা। তারা আশেপাশের গ্রাম, আত্মীয়-স্বজনের বাড়ি, বন্ধুবান্ধবের কাছে খোঁজ করেও কোথাও তাকে পাননি। ছেলের জন্য প্রতিদিন ভরসার অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

এ ঘটনায় নিখোঁজ সৌভিকের মা গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৭৪) করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—যদি কেউ সৌভিকের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কোন তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে একটি কোমলমতি শিশুর হঠাৎ নিখোঁজ হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত শিশুটির নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *