বিশেষ প্রতিনিধি:-
কুষ্টিয়ার ভেড়ামারায় চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে গ্রাহকের ছেলে। এতে এক লাইনম্যান গুরুতর আহত
হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ওই গ্রামের গ্রাহক তাজমল হোসেনের (হিসাব নং-১০৬/২০৩০) চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৪ হাজার ৯২১ টাকা বকেয়া
পরিশোধের জন্য তাকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা দেননি। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সকালে লাইনম্যান সোহাগ মিয়া (৩৫) ও রাহুল গ্রাহকের বাড়িতে গিয়ে বিল পরিশোধের কথা বললে গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) লাইন কেটে দিতে বলেন।
লাইন বিচ্ছিন্ন করার পর ক্ষিপ্ত হয়ে রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে আনেন এবং কর্মীদের লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে অস্ত্রের গুলি শেষ হয়ে গেলে তিনি
লাইনম্যান সোহাগকে ধরে অস্ত্রের বাট দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত পল্লী বিদ্যুৎ কার্যালয়ে খবর দিলে ভেড়ামারা জোনাল
অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে আহত সোহাগকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ভেড়ামারা জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. আকরাম হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি নং-১৮, তারিখ ২৩/০৯/২৫। অভিযুক্ত আব্দুর রহিমকে একমাত্র আসামি করে এজাহার গ্রহণ করেছে পুলিশ।
ডিজিএম মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কর্মীরা নিয়ম অনুযায়ী বকেয়া বিল পরিশোধ না করায় লাইন বিচ্ছিন্ন করেছিলেন। অথচ গ্রাহকের ছেলে আব্দুর রহিম তাদের লক্ষ্য করে গুলি চালায় ও লাইনম্যানকে মারধর করে গুরুতর জখম করে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলেন, বিদ্যুৎ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে বলে তারা আশা প্রকাশ করেন।