আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাব্দারপুর রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ও শরীরে গুরুতর আঘাত ছিল। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।