আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে এক চাঞ্চল্যকর ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। নিজ দলীয় এক নারী নেত্রীর পাতা ‘ফাঁদে’ আটকা পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন। শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে মহেশপুর থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে এক নারীর দায়ের করা নির্যাতন মামলার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয় রাজনৈতিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি একটি সুপরিকল্পিত ‘চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং’ এর ঘটনা।
অনুসন্ধানে জানা যায়, মামলার বাদী তানিয়া খাতুন নাটিমা কুরিপোলের টালিখোলা পাড়ার ফিরোজের স্ত্রী এবং তিনিও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তানিয়া ব্যক্তিগত কাজের অজুহাতে সভাপতি সাজ্জাদ হোসেনকে তার বাসায় ডেকে নেন। অভিযোগ উঠেছে, তিনি ঘরে প্রবেশ করা মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা খালিশপুর বাজারের কয়েকজন যুবক তাকে জিম্মি করে ফেলে।
আটকের পর সেখানে সাজ্জাদ হোসেনকে শারীরিক লাঞ্ছিত করে জোরপূর্বক এক লক্ষ টাকা এবং স্বাক্ষরসহ দুটি ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তাকে রাজনৈতিকভাবে হেনস্তা করতে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়।
সূত্র মতে, ধারণকৃত ছবিগুলো পুঁজি করে চক্রটি সাজ্জাদ হোসেনের কাছে আরও ৭ লক্ষ টাকা দাবি করে। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় এবং বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার উপক্রম হলে, চক্রটি তানিয়াকে বাদী করে মহেশপুর থানায় একটি নারী নির্যাতনের মামলা দায়ের করায়। শনিবার সেই মামলার সূত্র ধরেই পুলিশ তাকে খালিশপুর বাজার এলাকা থেকে আটক করে।
সাজ্জাদ হোসেনের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, ঘটনার মূল হোতা ও চাঁদাবাজদের সাথে কথোপকথনের একটি গুরুত্বপূর্ণ অডিও ফুটেজ তিনি আগেই সংরক্ষণ করে রেখেছিলেন। যেখানে টাকা দাবি এবং ব্ল্যাকমেইল করার বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজ্জাদ হোসেনের অনুসারীদের দাবি,তাকে রাজনৈতিকভাবে মাইনাস করতেই এই তথাকথিত ‘হানি ট্র্যাপ’ সাজানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন:
”তানিয়া নামের এক নারীর দায়ের করা নিয়মিত মামলায় সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা মামলার অভিযোগ খতিয়ে দেখছি।”
এদিকে অভিযুক্ত তানিয়ার বিরুদ্ধে এলাকায় নানা অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।