বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় যুবদলের দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার(১২ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দর্শনা পৌর এলাকার শৈলমারি মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দর্শনা পৌর এলাকার শ্যামপুরের জান্টু মণ্ডলের ছেলে পলাশ (৩৪) এবং রেজাউল ইসলামের ছেলে সোহান (২৮)।
অভিযোগ রয়েছে, ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া এলাকার সোহাগ (২৮) ও লাল্টু (২৬)-এর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ১০ জনকে আসামি করে দর্শনা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর থেকে দর্শনা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।